ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে, ফিফপ্রোর ক্ষোভ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির বিতর্কিত উদ্যোগের জেরে জিয়ান্নি ইনফান্তিনোর ওপর বিশ্ব ফুটবলের আস্থার সংকট এখন চরমে। ফিফা শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে এসে ভুল স্বীকার করলেও তাতে ক্ষোভ কমেনি। বরং সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর অপব্যবহারের’ বিস্ফোরক অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো । একই সঙ্গে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাকে সরাসরি পদত্যাগের কথা বলা হয়েছে।

একদিকে আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকোর সমর্থন থাকলেও, খেলোয়াড় ইউনিয়ন ও ইউরোপের এই অনড় অবস্থান ইনফান্তিনোর মসনদকে আরও নড়বড়ে করে তুলেছে।

ফিফার বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা বাতিলের পর ফিফা একে কেবল একটি ‘পরিচালনাগত ভুল’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা মানতে নারাজ ফিফপ্রো। ৭০টির বেশি দেশের খেলোয়াড় সংগঠন নিয়ে গঠিত এই সংস্থাটি ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে পাঠানো এক চিঠিতে ফিফপ্রো জানিয়েছে, এটি কেবল প্রক্রিয়াগত ভুল ছিল না, বরং এটি ছিল ‘প্রেসিডেনশিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’।

সংস্থাটির ভাষ্যমতে, বিশ্বকাপ বা ফিফা কোনো সভাপতির ব্যক্তিগত সম্পত্তি নয়। সতর্কভাবে সাজানো বিবৃতি বা অভ্যন্তরীণ পর্যালোচনার মাধ্যমে এই গভীর আস্থার সংকট আর কাটানো সম্ভব নয়। ফিফার বর্তমান পদক্ষেপে খেলোয়াড়দের মনে ফিফার প্রতি আস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়েছে’ বলে মন্তব্য করেছে ফিফপ্রো।

এদিকে এই প্রতিবাদের মাঝেই নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এনএফএফ) সভাপতি লিসে ক্লাভেনেড আরও এক ধাপ এগিয়ে সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। নরওয়ে ছাড়াও ইংল্যান্ড, ওয়েলস, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মতো দেশগুলো এর আগে সমর্থন প্রত্যাহার করলেও নরওয়ে সরাসরি পদত্যাগের আওয়াজ তুলেছে।

এক বিবৃতিতে লিসে ক্লাভেনেড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘আমাদের বর্তমান সময়ে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা তার নেই। জিয়ান্নি ইনফান্তিনোর জন্য আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আন্তর্জাতিক ফুটবল সহযোগিতা মারাত্মক সমস্যায় পড়েছে, এবং আমাদের এখন একত্র হওয়ার একটি কারণ থাকতে হবে, এবং আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাতে চাই।’



×
সর্বশেষ সর্বাধিক পঠিত