প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে নবনির্মিত ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সভায় মন্ত্রিসভার সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। এর আগে গত ৩ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে দূষণ কমাতে ইলেক্ট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন : স্থানীয় সরকার বিভাগ উত্থাপিত ‘পাবলিক টয়লেট নীতিমালা’র মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা। নীতিমালার আওতায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা হবে। এখন থেকে যেকোনো ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পরিবেশ দূষণ রোধে প্রতিটি টয়লেটে সেফটিক ট্যাংক নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে বর্জ্য কোনোভাবেই নদী বা জলাশয়ে না মেশে। সড়ক ও মহাসড়কের পাশেও নারী-পুরুষের জন্য পৃথক শৌচাগার নির্মাণে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।
ঈদে টানা ৭ দিনের ছুটি : ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর ঠিক আগের দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে। মন্ত্রিসভা এই নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর : দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। গতকাল বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।
এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল ‘প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
