আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। প্রতিবারের মতো এবারও দেশজুড়ে উদযাপিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী নিয়ে নানা আয়োজন। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করছে ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আজ এবং আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলবে এই আয়োজন। এবারের উৎসবটি প্রয়াত শিল্পী আশা ভোঁসলে, শাহজাহান হাফিজ এবং মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীনের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বরেণ্য শিল্পী কলিম শরাফীর জন্মদিনে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ানকে ‘কলিম শরাফী পদক’ ও সম্মাননা প্রদান করা হবে।
আজ শুক্রবার বিকাল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক।
উৎসবে সংস্থার নিজস্ব প্রায় ১৫০ জন শিল্পী ছাড়াও দেশের বরেণ্য অতিথি শিল্পী, আবৃত্তিকার এবং নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ১০টায় প্রাতঃকালীন অধিবেশন এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান অধিবেশনগুলো গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে সাজানো হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান। এর উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
এদিকে দেশের টিভি চ্যানেলগুলোও সাজিয়েছে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ে আজ সকালে শুরু হবে রবীন্দ্রসংগীত দিয়ে। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম স্ত্রীর চিঠি দেখা যাবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। সন্ধ্যা ৬টায় থাকবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ডার্টিংটনে রবীন্দ্রনাথ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান আশা পুরাও তুমি এসো কাছে। পাশাপাশি দিনব্যাপী থাকবে রবীন্দ্রনাথের গান ও কবিতা।
দুরন্ত টিভিতে সকাল ৭টায় প্রচারিত হবে রবিঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক ‘তাসের দেশ’। মঞ্চ নাটকটিতে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীত আয়োজন করেছেন সোমা রায়। কবিগুরুর বিখ্যাত কিছু গান নিয়ে দুরন্ত আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’ প্রচারিত হবে সকাল সাড়ে ৯টায়। গান গেয়েছে দুরন্ত টিভির শিল্পীরা। কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠান পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে দুপুর ২টা আর সন্ধ্যা সাড়ে ৬টায়।
