শিগগিরি বড় বিজয় উদযাপন করতে যাচ্ছে ইরান

আপডেট : ০৮ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

ইরান জানিয়েছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে খুব শিগগিরি তারা বড় ধরণের বিজয় উদযাপন করতে যাচ্ছে। যদিও মাসব্যাপী চলমান যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে যুদ্ধরত দুই দেশ যুক্তরাষ্ট্র-ইরান। গতকাল বৃহস্পতিবার দুই দেশ একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তবে ইরান বলেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতির আর অবনতি চায় না। ইরানের সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ করা দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ও ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিপরীতে মার্কিন বাহিনী বলেছে, ইরানের আক্রমণের পাল্টা জবাব দিতেই গুলি চালিয়েছে তারা।

এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা করেছেন যে, জাতি (ইরান) খুব শিগরিগিই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে। জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। 

আরিফ স্পষ্ট করে বলেন, ইরান কোনো আধিপত্য চায় না, বরং এই এলাকাকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে তিনি মনে করেন। পরিদর্শনকালে তিনি আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ কারখানায় হামলার তীব্র নিন্দা জানান। দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত