‘ওরা আমার চেয়েও বড় তারকা হবে’— ক্ষুদেদের নতুন স্বপ্নে ভাসালেন হামজা

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

দেশের তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। সরকারের এই বিশেষ উদ্যোগের সঙ্গী হলেন জাতীয় দলের বৃটেন প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কিশোর-কিশোরীদের এই ক্রীড়া উৎসবে হাজির হয়ে তিনি তরুণ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।

বিজ্ঞাপন সংক্রান্ত কাজে ব্যক্তিগত সফরে ঢাকা আসা হামজা চৌধুরীকে একনজর দেখতে দুপুরের পর থেকেই কলেজ মাঠে ভিড় জমান ভক্ত ও ক্রীড়ানুরাগীরা। বিকেল চারটা নাগাদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহ-সভাপতি ফাহাদ করিম। খুদে খেলোয়াড়দের মাঝে হামজা উপস্থিত হওয়া মাত্রই তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সেলফি তোলা আর প্রিয় তারকাকে কাছে পাওয়ার আনন্দে মেতে ওঠে আগামীর ফুটবলার ও ক্রিকেটাররা।

উপস্থিত খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে হামজা চৌধুরী বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস আগামী প্রজন্মের তারকাদের পথ দেখাবে। এখান থেকেই ভবিষ্যতে এমন সব খেলোয়াড় উঠে আসবে যারা আমার চেয়েও বড় তারকা হবে। হয়তো জাতীয় দলের অধিনায়ককেও ছাড়িয়ে যাবে তারা।”

তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “এমন পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছাবে। আমাকে এই মহতী কাজের অংশ করার জন্য প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।”

মাঠে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থক ও সংবাদকর্মীদের ভিড় সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়। এক পর্যায়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করতে দেখা যায়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে হামজা চৌধুরী ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে গিয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছু সময় ম্যাচ উপভোগ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, হামজা চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক তারকার উপস্থিতি তরুণদের দারুণভাবে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, “আমরা চাই ফুটবল, ক্রিকেট ও দাবাসহ সকল ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে বিশ্বমানের অ্যাথলেট উঠে আসুক। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”

ব্যস্ত সফর শেষ করে আগামীকাল সকালে হামজা চৌধুরীর ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

  • বার্তা: তৃণমূলের এই উদ্যোগ থেকেই উঠে আসবে আগামীর বিশ্বসেরা তারকারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত