বিরোধীদলীয় নেতা বললেন

পর্যবেক্ষণ করা হচ্ছে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২১ এএম

ভারত থেকে পুশইন ও দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যেন নির্যাতন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামায়াত।’

এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল শনিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, জামায়াত আমির গত ২ মে রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গী ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী। সফরে ক্যানসার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে। ক্যানসার আক্রান্তদের জন্য বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগে ইতিবাচক অবস্থান জানিয়েছে জাপান। 

ডা. শফিকুর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে জামায়াত দায়িত্বশীল বিরোধী দল হিসেবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।’

গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক হত্যাকা-গুলোর উদাহরণ টেনে নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার অতিরিক্ত রাজনৈতিক ব্যস্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি বাজার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান জানান, ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত