শিক্ষার্থী ওয়াকিমূলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২২ এএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমূল ইসলামের তৈরি ‘স্মার্ট কার’-এ চড়ে ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ওয়াকিমূলের তৈরি গাড়িতে চড়ে ঘুরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ওয়াকিমূলের তৈরি স্মার্ট কারে চড়েছেন। ওয়াকিমূল কিছুটা পথ প্রধানমন্ত্রীকে নিয়ে ড্রাইভ করে গাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এ উদ্ভাবনের কথা শুনে প্রধানমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে উৎসাহ দিয়েছেন। ব্যাটারিচালিত এ গাড়িটির নাম রাখা হয়েছে “এ টু আই স্মার্ট কার”।’ ওয়াকিমূল যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমূল প্রধানমন্ত্রীকে জানান, একসময় তিনি সারা দিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে একা বাইরে চলাফেরা করা যায়, সে  চিন্তা থেকেই তিনি এ গাড়িটি তৈরি করেন। ওয়াকিমূল জানান, সরকারি সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এ গাড়িটি কেবল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাই নন, বয়স্ক ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারবেন।

এ সময় তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন একটি বাহন তৈরি করায় ওয়াকিমূলের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন প্রধামন্ত্রী।

ওয়াকিমূলের সঙ্গে উপস্থিত থাকা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে চলে। একবার চার্জ দিলে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

স্মার্ট কারটি প্রদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত ২৫ এপ্রিল তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি নিজেই গাড়িটি চালিয়ে তাকে উৎসাহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত