রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)। হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় ওঁৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা জানায়, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফের (প্রসিত) কালেক্টর (শুকনোছড়া এলাকার কালেক্টর) নামে পরিচিত। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দুটি দলই সক্রিয় রয়েছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানিয়েছেন, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাসহ দুজন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন। সেখান থেকে শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা (ইউপিডিএফ-গণতান্ত্রিক) তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করেন, নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নেতৃত্বে ৪-৫ জনের একটি সশস্ত্র গ্রুপ এ হামলায় অংশ নেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তিনি।
এ বিষয়ে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কারও বক্তব্য পাওয়া যায়নি। সাজেক থানার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অবরোধের ডাক : হেগেরা চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। আগামীকাল সোমবার দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।
