লাইফ সাপোর্টে থাকা অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর মেয়ে কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১১ মে) এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে হবে তার চিকিৎসা।
কায়সার হামিদ বলেন, কিছুক্ষণ আগেই মেয়ের ভিসা হাতে পেলাম। এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
কায়সার হামিদকে দ্রুত ভিসা পেতে সহযোগিতা করেছেন আরেক সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। কৃতজ্ঞতা প্রকাশ করে কায়সার হামিদ বলেন, গাফফার ভাই অনেক সহযোগিতা করেছেন ভারতীয় ভিসা পেতে। এজন্য উনিসহ যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
বোন কারিনা কায়সারের লিভার ট্র্যান্সপ্ল্যান্টে ডোনার হয়েছেন তার দুই ভাই (কায়সার হামিদের দুই ছেলে) সাদাত হামিদ ও মোস্তফা হামিদ।
লিভারজনিত রোগে আক্রন্ত হয়ে গত শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কারিনা। তার শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ বলেন, চিকিৎসকেরা আপাতত তার অবস্থা ‘স্ট্যাবল’ বলে জানিয়েছেন। রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে, কিডনি ও হৃদযন্ত্রও স্বাভাবিকভাবে কাজ করছে। তবে তীব্র জন্ডিসের কারণে তার লিভার কার্যক্ষমতা হারিয়েছে। দেশে পূর্ণাঙ্গ লিভার ট্রান্সপ্ল্যান্ট সুবিধা না থাকায় তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানা গেছে। যেখানে দুই ভাইয়ের সহযোগিতায় বেঁচে থাকার সুযোগ পাবেন কারিনা কায়সার।
