সামরিক বিজয় কূটনীতির টেবিলে নেবে ইরান: পেজেশকিয়ান

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে, তা আরও সুসংহত করতে চায় তেহরান। সোমবার (১১ মে) ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের সময় বাহিনীগুলোর ভূমিকা ও কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।  

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের মুখে ইরানি জনগণ এবং দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়তা ও শক্তির মাধ্যমে শত্রুর লক্ষ্য ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তারা প্রতিপক্ষকে যুদ্ধবিরতি মেনে নিতে এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে।

তিনি বলেন, বর্তমানে ইরানের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় মর্যাদা ও শক্তির অবস্থান থেকে আলোচনায় অংশ নেওয়া, ‘না যুদ্ধ না শান্তি’ পরিস্থিতি বজায় রাখা অথবা সামরিক সংঘাতের পথ অব্যাহত রাখা। পেজেশকিয়ানের ভাষায়, ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ 'যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত পথ' হলো যুদ্ধক্ষেত্রে অর্জিত বিজয়কে কূটনৈতিক অঙ্গনেও পরিপূর্ণ করা এবং মর্যাদা ও শক্তির অবস্থান থেকে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা। 

তিনি আরও বলেন, শত্রুপক্ষের প্রতি অবিশ্বাস থাকা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্বেগ ও ইরানি জনগণের স্বার্থ বিবেচনায় রেখে কোনো চুক্তি হলে তেহরান তার অঙ্গীকার পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত