ঈশ্বরগঞ্জ

যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:১৯ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই'র) তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে মেয়াদোত্তীর্ণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ওই কারখানায় অভিযান চালায় তারা। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ওষুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ড্রাক অ্যাক্ট আইন ১৯৪০ অনুযায়ী কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান নেতৃত্বে অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি হিসেবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা প্রমুখ। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের আব্দুর রহমানের ছেলে মোখলেছুর রহমান এ কারখানা গড়ে তুলেন। তবে এখনও কারখানাটি চালু হয়নি। কারখানা থেকে ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ জব্দ করা হয়। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ জব্দ করা হয়। একইসাথে কারখানাটি সিলগালা করে মালিককে ভোক্তা  অধিকার আইনে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত