পিরোজপুরের বোম্বাই মরিচ যাচ্ছে চীন, জাপান ও থাইল্যান্ড

আপডেট : ১৭ মে ২০২৬, ১২:২৩ পিএম

বোম্বাই মরিচ চাষ করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন দেশের পিরোজপুরের কৃষকরা। দেশের চাহিদা পূরণ করে তাদের উৎপাদিত বোম্বাই মরিচ রপ্তানি হচ্ছে চীন, জাপান ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে। এর ফলে স্বাবলম্বী হচ্ছে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুর উপজেলায় কয়েক হাজার পরিবার।

পিরোজপুর জেলার প্রায় প্রতিটি বাড়িতেই পারিবারিক চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় বোম্বাই মরিচ চাষের প্রচলন রয়েছে। তবে নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুরে বোম্বাই মরিচ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। প্রাথমিকভাবে দেশের চাহিদা পূরণের জন্য চাষ হলেও ধীরে ধীরে এটি লাভজনক কৃষি খাতে পরিণত হয়েছে। ২০১১-২০১২ সালে প্রথমবারের মতো এ এলাকা থেকে জাপানে রপ্তানি শুরু হয়, এরপর থেকে প্রতি বছরই রপ্তানি অব্যাহত রয়েছে। বিশেষ করে ‘ঘৃতকুমারী’ নামে পরিচিত সুগন্ধি বোম্বাই মরিচের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশের বাজারে। সুন্দর ঘ্রাণ ও তীব্র ঝালের কারণে আন্তর্জাতিক বাজারে এর আলাদা কদর তৈরি হয়েছে।

একবার লাগালে দুই থেকে তিন বছর ফলন পাওয়া যায় বলে খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না। এ কারণে বোম্বাই মরিচ চাষ কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় কৃষক মাহমুদ হোসেন জানান, একটি বোম্বাই মরিচগাছ থেকে বছরে ৩০০ থেকে ১০০০টি পর্যন্ত মরিচ পাওয়া যায়। মৌসুমে প্রতিটি মরিচ খুচরা বাজারে ৩ থেকে ১০ টাকা এবং পাইকারি ২ থেকে ৩ টাকায় বিক্রি হয়।

মরিচ সংগ্রহের পর আকারভেদে ভাগ করা হয়। এরপর দেশীয় বাজারে পাঠানো হয়। মরিচ ব্যবসায়ী বিপ্লব বিশ্বাস বলেন, ঢাকার কারওয়ান বাজার ও ঠাঁটারী বাজারে এসব মরিচ সরবরাহ করা হয়, সেখান থেকে বিদেশে রপ্তানি করা হয়।

 বোম্বাই মরিচ একটি লাভজনক ফসল উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, বোম্বাই মরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। একটি গাছ ৭ থেকে ৮ মাস পর্যন্ত ফল দেয় এবং প্রতিটি গাছে ৪০০ থেকে ১০০০টি মরিচ উৎপাদিত হয়। বর্তমানে পিরোজপুর থেকে প্রতি বছর প্রায় ৩০০ টন বোম্বাই মরিচ চীন, জাপান ও থাইল্যান্ডে রপ্তানি হচ্ছে, যা থেকে আয় হচ্ছে কয়েক কোটি টাকা। উৎপাদন আরও বাড়লে বিদেশি বাজারের সঙ্গে সরাসরি কৃষকদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

স্বল্প খরচে বেশি লাভ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় পিরোজপুরের বোম্বাই মরিচ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত