যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার সিদ্ধান্ত থেকেও সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব দাবি তুলে ধরেন। দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি কঠোর শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রের জন্য শর্ত রাখা হয়েছে মাত্র ৬টি। জমিয়ত নেতারা একে ‘গোলামির চুক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, জাতীয় নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে অত্যন্ত গোপনে এই চুক্তি সই করা হয়েছে। এর ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য থাকবে, যা দেশের স্বাধীন নীতিনির্ধারণী ক্ষমতাকে খর্ব করবে।
আরও একটি গুরুতর অভিযোগ তুলে ধরে বলা হয়, চুক্তির পরিশিষ্টে বিভিন্ন শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় খাদ্যনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। নেতৃবৃন্দ অবিলম্বে এই চুক্তি জনসমক্ষে প্রকাশ ও তা বাতিলের জোর দাবি জানান।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, জুলাই হত্যাকাণ্ড ও পিলখানা ট্র্যাজেডির দ্রুত বিচার এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এছাড়া শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবি জানানো হয়।
আন্তর্জাতিক প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানায় দলটি। এসব ঘটনার প্রতিবাদে এবং বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় এই মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হবে বলে জানানো হয়।
