স্বরাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ১২ মে ২০২৬, ০৪:৫২ পিএম

সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো উদ্যোগ নেই জানিয়ে তাদেরকে চুড়ি পরিয়ে রাখা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।

এর আগে গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবির প্রেস রিলিজে বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য।

তিনি আরও বলেন, যদি আমরা সরকার গঠন করি সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত