শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১

আপডেট : ১২ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির কাভার্ডভ্যান উল্টে গেলে তার নিচে চাপা পড়ে এক অজ্ঞাত রিকশাচালক নিহত হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি চলে আসে। পরে খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজারে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের রঙ্গিলা বাজারে ঢাকাগামী লেন ধরে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। একই লেন ধরে যাওয়া একটি ব্যাটারিচালিত রিকশাকে বেপরোয়া গতির ওই কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যান দ্রুত ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে রিকশা চালক নিহত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক বা সহযোগী কাউকে পাওয়া যায়নি। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত