গাজীপুরের শ্রীপুরে সড়ক সংস্কারের কাজ শেষ না করেই লাপাত্তা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে এলাকার অন্যতম ব্যস্ত সেই সড়ক দুই বছরেও কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে সড়কে বড় বড় গর্তে জমে থাকা পানিতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারও মানুষ।
এ নিয়ে মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এ ভোগান্তির প্রেক্ষিতে এবার জলমগ্ন সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে লোকজন।
শাম্মি এন্টার প্রাইজ নামে ঠিকাদারি এক প্রতিষ্ঠান এ সড়কের কাজ করে। তবে তারা অর্ধেক কাজ শেষ করে আর কাজ করেনি।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের নয়নপুর বাজার–তেলিহাটি–বরমী আঞ্চলিক সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে দেয়ার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজারও শ্রমজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু প্রায় দুই বছর ধরে সংস্কারকাজ অসমাপ্ত ফেলে রাখেন ঠিকাদার। সড়কটি চলার অনুপযোগী হয়ে পড়ে আছে। সড়কটি এখন বড় বড় গর্ত, কাঁদা ও জলাবদ্ধতায় পরিণত হয়েছে।
বাসিন্দা নুরুল আমীন সুমন বলেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।। তাই বাধ্য হয়ে সড়কে ধানের চারা রোপণ করে আমরা ক্ষোভ প্রকাশ করেছি। আশাপাশে বেশ কিছু পোশাক কারখানা। শ্রমিকরা প্রতিদিন কষ্ট করেন। রোগী নিয়েও চলা দায়। কেউ অসুস্থ্য হলে ঘুরে যেতে হয় বহু পথ। এ ধরণের ভোগান্তি কত সহ্য হয়?
ব্যাটারি চালিত অটোরিকশা চালক রশিদ মিয়া বলেন সড়কের মাথায় নির্মাণ সামগ্রী ফেলে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে। পায়ে হাঁটাও কষ্ট। আমরা এ পথে অটোরিকশার যাত্রী তুলি না। তারাও কষ্ট করেন। এর পরিত্রান দরকার। এটা অনেক দিনের ভোগান্তি।
ব্যবসায়ী এমদাদুল হক বলেন, সড়কের বেহাল হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি জমলে চলাচল প্রায় বন্ধ থাকে। প্রতিদিন দুর্ভোগে পোহাচ্ছেন মানুষ। দ্রুত এ দুর্ভোগ থেকে আমাদের রক্ষা করা হোক।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শাম্মি এন্টার প্রাইজ কর্তৃপক্ষের ফোন নাম্বার বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান- ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের আবেদন করা হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত এ সমস্যা সমাধান করা হবে। এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
