মানব সেবাই আদর্শ

দক্ষ নার্স চাই

আপডেট : ১৩ মে ২০২৬, ১২:৫৮ এএম

দেশে চিকিৎসাব্যবস্থায় নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। মানসম্মত স্বাস্থ্যসেবায় একজন চিকিৎসকের সঙ্গে তিনজন নার্স দরকার। কিন্তু দেশে ১ লাখ ৪০ হাজার নিবন্ধিত চিকিৎসকের বিপরীতে নিবন্ধিত নার্স আছেন মাত্র ১ লাখ ২০ হাজার; যা থাকা দরকার প্রায় ৪ লাখ ২০ হাজার নার্স। প্রয়োজনের তুলনায় এক-তৃতীয়াংশেরও কম নার্স থাকায় হাসপাতাল ও ক্লিনিকভিত্তিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কিন্তু চিকিৎসা খাতে বড় ধরনের এই ঘাটতি নিয়ে দল-নির্বিশেষে কোনো সরকারেরই উদ্বেগ ছিল বা আছে এমনটা মনে হয় না। সংখ্যায় নার্স  কম থাকার পাশাপাশি দক্ষ নার্স অপ্রতুল। নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলো থেকে প্রতি বছর বেরিয়ে আসছেন সনদধারী অনেক নার্স। কিন্তু হাতেকলমে প্রশিক্ষণ ও প্রায়োগিক অভিজ্ঞতায় তাদের বেশিরভাগ মানসম্মত সেবাদানের জন্য উপযুক্ত হয়ে তৈরি হচ্ছেন না। কারণ, অধিকাংশ কলেজ ও ইনস্টিটিউটে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও প্রশিক্ষক নেই; গবেষণাগার নেই, থাকলেও আছে নামমাত্র। দরকারি  যন্ত্রপাতিসহ চিকিৎসা-প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এতে নার্সদের কাগজের সনদ বহনের পাশাপাশি বাস্তব ও প্রায়োগিক জ্ঞান সঞ্চারিত করে যোগ্য করে তোলা হয়ে উঠছে না। 

বিশেষজ্ঞ নার্সের সংকট আরও প্রকট। নামিদামি বেসরকারি হাসপাতাল ছাড়া সরকারি হাসপাতালে যথেষ্টসংখ্যক বিশেষজ্ঞ নার্স না পাওয়া কঠিন বাস্তবতা। বাস্তবসম্মত চর্চার সুযোগ ও প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা এর কারণ? এসব না পেলে বক্ষব্যাধি, হৃদরোগ, ক্যানসার ও রক্তজনিত রোগসহ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত মানুষকে কীভাবে তারা মানসম্মত সেবা দেবেন? অল্পসংখ্যক বিশেষজ্ঞ নার্স যারা আছেন, তারা উচ্চ বেতনে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলে যান। একইসঙ্গে দক্ষতা ও বিশেষায়িত সেবা দেওয়ার যোগ্যতা অর্জন পেশাজীবী নার্সদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও অধিকাংশই সেই পথে অগ্রসর হতে চান না। কোনো রকমে চাকরি পেয়ে সুবিধামতো শহরে পরিবারসহ টিকে থাকাতেই সন্তুষ্টি খোঁজেন অনেকে। চিকিৎসার জন্য আসা রোগীর সঙ্গে ভালো আচরণ না করার অভিযোগ আছে একশ্রেণির নার্সের বিরুদ্ধে। অনেকে রোগীর সঙ্গে সুন্দরভাবে কথাও বলতে চান না। সেবার জন্য যে এসেছেন, এটাই ভুলে যান অনেকে।

সার্বিকভাবে নার্স-সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে জরুরিভিত্তিতে সরকারসহ স্বাস্থ্য খাতের সবার ভাবার সময় হয়েছে। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে নার্সিং কলেজ আছে ১৭৪টি; আর ইনস্টিটিউট আছে ২২৩টি। মহানগর ঢাকাসহ, অন্যান্য মহানগর ও জেলা শহরে নার্সিং প্রতিষ্ঠান থাকলেও অনেকে এই শিক্ষায় আগ্রহী হন না। প্রয়োজনের তুলনা নার্সের বেতনভাতা কম হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে দিনযাপন করার নিশ্চয়তা পান না বলেও বিশেষায়িত এই পেশাজীবীদের সংখ্যা কম। সরকারি হাসপাতালের নার্সরা পদায়নের ক্ষেত্রে উচ্চপদস্থদের সিন্ডিকেট বাণিজ্যের কারণে ন্যায্যতা থেকে বঞ্চিত হন। কর্মক্ষেত্রে অনেকে অবমূল্যায়িত হন। এসব ক্ষোভ তারা প্রকাশও করেছেন নানাভাবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিংয়ের মাধ্যমে মানুষকে সেবাদানের পথ উন্মুক্ত করেছিলেন। স্বাস্থ্য সমস্যায় পড়লে গণমানুষ সেবা বলতে বোঝেন ডাক্তার-নার্সের সেবা। যেহেতু রোগাক্রান্ত মানুষ তাদের চিকিৎসা ও সেবাযত্নে ভালো হয়ে ওঠেন, তাই জনগণ তাদেরই আসল সেবক বলে বিবেচনা করেন। এ কারণে স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত নার্স দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ‘আমাদের নার্স’ প্রতিপাদ্যসহ বিশ্ব নার্স দিবস পালিত হয়ে গেল গতকাল। মানবসেবার বড় দিকগুলোর একটি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নার্স ও নার্সিংকে অবহেলিত রেখে ঘটা করে শুধ্্ুই দিবস পালন মানুষের কোনো কাজে আসে না। তাই প্রয়োজন যথেষ্টসংখ্যক নার্স দ্রুত নিয়োগ দেওয়া। যারা এ পেশায় আসছেন এবং ভবিষ্যতে আসবেন, তাদের দক্ষ করে গড়ে তোলাও দরকার। আমরা আশা করি, সরকার এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত