কাঁচা আমের ৩ পদ

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:৪৭ এএম

রেসিপি দিয়েছেন আমরিন মোস্তারিন

আম লাউ চিংড়ি

উপকরণ

চিংড়ি মাছ ২৫০ গ্রাম, লাউয়ের টুকরা ২ কাপ, কাঁচা আম অর্ধেকটা, হলুদ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

লাউ ও আমের টুকরা ছোট ছোট করে কেটে ধুয়ে একটা হাঁড়িতে সব উপাদান নিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর অল্প আঁচে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট। কোনো পানি দেওয়া যাবে না, আম আর লাউ থেকে বের হওয়া মূল পানি দিয়েই এই রান্নার সবকিছু সেদ্ধ হবে। হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আম চিংড়ি

উপকরণ

মাঝারি আকারের চিংড়ি  মাছ  আধা কেজি, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা আম বাটা সিকি কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, কাঁচা মরিচ ৫টি, চিনি ২ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিংড়ি মাছ সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিটের মতো রেখে দিন। প্যানে অল্প তেল দিয়ে তাতে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই একই প্যানে আরও একটু তেল ও পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ লালচে হলে তাতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিন। একই সঙ্গে আম বাটা ও চিনি দিন। কষানো হয়ে তেল উঠতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি দিয়ে নেড়ে অপেক্ষা করুন চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত। নামানোর আগে একটু সরিষার তেল ও কাঁচা মরিচ দিয়ে আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন।

আম পাতুরি

উপকরণ

ইলিশ মাছ ৮ টুকরা, কাঁচা আম বাটা সিকি কাপ, সাদা সরিষা বাটা  সিকি কাপ, কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, কলাপাতা ২টি।

যেভাবে তৈরি করবেন

কলাপাতা বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেশনের জন্য ২০ মিনিট রেখে দিন। এখন কলাপাতা দিয়ে মুড়িয়ে অল্প আঁচে রান্না করুন এপিঠ ও পিঠ উল্টিয়ে ১০ থেকে ১৫ মিনিট। হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত