লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের পাবলিক হেলথ মিনিস্ট্রি-এর অধীনস্থ হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, নাবাতিয়েহ, জেবচিট এবং কাফারদৌনিন এলাকায় চালানো পৃথক বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
নাবাতিয়েহ শহরে চালানো একটি বিমান হামলায় ৫ জন নিহত হন। তাদের মধ্যে সিভিল ডিফেন্সের দুইজন প্যারামেডিক রয়েছেন। এ হামলায় আরও ২ জন আহত হন, যাদের মধ্যে একজন নারী প্যারামেডিকও রয়েছেন।
নাবাতিয়েহ জেলার জেবচিট শহরে আরেকটি বিমান হামলায় ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর একজন সদস্য এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। এ হামলায় ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও আছেন বলে জানিয়েছে জাতীয় সংবাদ সংস্থা।
এদিকে বিন্ত জবেইল জেলার কাফারদৌনিন শহরে পৃথক বিমান হামলায় আরও ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছেন। এ হামলায় আরও ২ জন আহত হন, যাদের একজন নারী বলে জানানো হয়েছে।
