জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র পাঁচ লাখ টাকা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে খরচের হিসাব বুধবার (১৩ মে) নির্বাচন কমিশনে জমা দিয়েছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটির জমা দেওয়া হিসাব অনুযায়ী, তারা নির্বাচনে মোট পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ব্যয় করেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬টি আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল সর্বোচ্চ তিন কোটি টাকা ব্যয় করতে পারে। তার মানে, দলটির তিন কোটি টাকা খরচ করার সুযোগ থাকলেও তারা তা করেনি। বরং তারা সুযোগের মাত্র ৬০ ভাগের ১ ভাগ ব্যয় করেছে।

জাতীয় পার্টির জমা দেওয়া ব্যয় বিবরণীতে বলা হয়েছে-দলীয় প্রচারণা বাবদ খরচ হয়েছে তিন লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ খরচ এক লাখ ১৫ হাজার টাকা এবং কর্মীদের খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।

উল্লেখ্য, সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীদের অনুদান দিয়ে থাকে। কিন্তু জাতীয় পার্টি এ খাতে কোনো ব্যয় দেখায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তারা সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখিয়েছে। নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করে জামায়াত এ বার বিরোধী দলের আসন পেয়েছে।

অন্যদিকে, হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এবারের নির্বাচনে তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ না হলেও চাপে পড়ে দলটি। ১৯৮৬ সালের পর এই প্রথম সংসদে জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত