বরিশালের চৌমাথা থেকে ‘সাহান আরা বেগম পার্ক’ অপসারণ শুরু

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:০৩ পিএম

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের উপর নির্মিত ‘সাহান আরা বেগম পার্ক’ অপসারণে অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে বুলডোজার দিয়ে পার্কটির বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ শুরু হয়। পরে ধ্বংসাবশেষ সরিয়ে পুরো এলাকা পরিষ্কারের কাজও শুরু করেন সিটি করপোরেশনের কর্মীরা।

পার্কটি নির্মাণ করা হয়েছিল বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা সাহান আরা বেগমের নামে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ওই পার্ক শুরু থেকেই বিতর্কে ছিল। 

অভিযোগ উঠেছিল, ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের বাই-লেন, সড়ক বিভাজক ও সরকারি জায়গা দখল করেই পার্কটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পার্কটির কারণে চৌমাথা এলাকায় দীর্ঘ দিন ধরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল।

২০২৪ সালের ৫ অগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পার্কটিকে ঘিরে পরিস্থিতি বদলাতে শুরু করে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা পার্কটির একটি বড় অংশ ভেঙে ফেলে। সে সময় সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যও অপসারণ করা হয়। তবে পার্কটির অবশিষ্টাংশ ও ধ্বংসাবশেষ সড়কের উপর পড়ে থাকায় যান চলাচলে সমস্যা থেকেই যাচ্ছিল।

বুধবারের অভিযানে উপস্থিত ছিলেন বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী-সহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘জনগণের টাকায় নির্মিত এই পার্কের কারণে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতেই স্থাপনাটি অপসারণ করা হচ্ছে।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গিয়েছে, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সেই কারণেও চৌমাথা এলাকার এই অংশ ফাঁকা করা প্রয়োজন ছিল।

স্থানীয়দের একাংশের বক্তব্য, পার্কটি নির্মাণের কারণে স্বাভাবিক চলাচলের পথ বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি, ব্যস্ত মহাসড়কের মাঝখানে পার্কে যাতায়াত করতে গিয়ে পথচারীদের ঝুঁকির মুখেও পড়তে হচ্ছিল। উচ্ছেদ অভিযান শুরুর পর অনেকেই একে ‘স্বস্তির সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত