শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪১ এএম

গণঅভ্যুত্থান চলার সময় নারায়ণগঞ্জে হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করে। এর আগে গত ২৩ এপ্রিল অভিযোগ গঠনের আরজি জানিয়ে প্রসিকিউশনপক্ষ এবং আসামিদের অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি শেষ হয়।

মামলার ১২ আসামি হলেন, শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। আসামিদের সবাই পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত