কানে ভারতীয় সৌরভ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫৩ এএম

ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই সৌরভ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

কানের প্রথম দিনেই মিন্ট গ্রিন রঙের পোশাকে যেন রূপকথার রাজকন্যা রূপে হাজির হন বলিউড ডিভা আলিয়া ভাট। তার সঙ্গে হালকা মেকআপ, মুগ্ধ করার মতো হেয়ারস্টাইল এবং চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। সবমিলিয়ে এবারের আসরে আলিয়া ভাটের লুক এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়। রেড কার্পেটে পা রাখার আগেই তার সাজপোশাক নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। এর মাধ্যমে দ্বিতীয়বার কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়াচ্ছেন মহেশ ভাটকন্যা। পাশাপাশি পুরুষতান্ত্রিক সিনেমা ও ভারতীয় চলচ্চিত্র নিয়ে তার মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়।

এবারের আসরেও ঝলমলে রূপালী পোশাকে হাজির হয়ে নজর আরেক ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা যায়, গ্লিটারিং সিলভার কউচার গাউন, ভারী অলঙ্ক ার ও ব্যতিক্রমী হেডগিয়ারে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী জানান, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই তার কাছে বিশেষ অনুভূতির।

অভিনয়ের চেয়ে সাম্প্রতিক সময়ে ফ্যাশন স্টেটমেন্ট ও আন্তর্জাতিক রেড কার্পেটে উপস্থিতির কারণেই বেশি আলোচনায় থাকেন উর্বশী। এবারের কান উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ তার সাহসী ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন, আবার কেউ অতিরঞ্জিত সাজ বলে সমালোচনাও করেছেন।

তবে বরাবরের মতোই নিজের উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত