ফুটসাল লিগ শুরু আজ
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জেতার পর পাল্টে গেছে দেশের ফুটবলাঙ্গনের দৃশ্য। ফুটসাল নিয়ে শুরু হয়েছে নতুন রোমাঞ্চকর খেলা। আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো পর্দা উঠছে ঘরোয়া ফুটসাল লিগের। পুরুষ ও নারী দুই বিভাগেই ১১টি ক্লাব অংশ নেবে।
শুরুর আসরে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি। প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনাবাহিনী ও বিকেএসপির নারী দল। সন্ধ্যা ৭টায় একই দল দুটির পুরুষ বিভাগ লড়বে। রাত ৯টায় জেনন এফসি মোকাবিলা করবে ঢাকা অ্যাথলেটিককে।
দলগুলোর মধ্যে আইএম টেন এফসি গড়েছে এক স্বপ্নের দল। কারণ এই দলে খেলবেন সাফ ফুটসাল-জয়ী সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, স্বপ্না আক্তার, লিপি, নিলুফা, মার্জিয়া ও মাতসুশিমা সুমাইয়া। অন্যান্য দলে সানজিদা আক্তার, ফয়সাল হোসেন ও ফায়েদ আজিমের মতো তারকাদের দেখা গেলেও ব্যক্তিগত কারণে লিগ মিস করবেন কানাডা প্রবাসী রাহবার খান।
চ্যাম্পিয়ন বাতেন
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব। বুধবার ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় ম-ল রানারআপ হন ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে। ঢাকাপোস্ট ডটকমের শাহাদাত হোসেন ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা।
দাবায় সেরা যদুনাথ বিশ্বাস
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন যদুনাথ বিশ্বাস। প্রথম রানার্সআপ হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। দেশের বিভিন্ন স্থান থেকে ৭৪ জন দাবাড়– অংশ নেন। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করে মর্নিং গ্লোরি চেস ক্লাব।
