নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেল ৩ ভাই-বোন। হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের মা সালমা আক্তার।
সবশেষ আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় মুন্না (১২) আর দুপুর ১টার দিকে মারা যায় মুন্নি (৭)।
এরআগে, বুধবার তাদের বোন কথা (৪) ও সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে, গত রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. আবুল কালাম (৩৫), তার স্ত্রী সালমা আক্তার (৩২)। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, রবিবার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সালমা আক্তার ছোট ভাই মো. আরমান জানান, কালামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে। আর সালমাদের বাড়ি বরিশাল বাবুগঞ্জ পশ্চিম ক্ষুদ্রকাঠি গ্রামে। ওইদিন সবজি বিক্রেতা আবুল কালাম আড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খাবার খাওয়ার জন্য নিজেই আগের দিনের রান্না করা তরকারি গ্যাসের চুলায় গরম করতে যান। রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। তাদের ধারণা, গ্যাস লিকেজের কারণে রান্না ঘরে গ্যাস জমে ছিল।
