মায়াপাখি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:৫৮ এএম

সময়ের ব্যস্ত তরুণ টিভি অভিনেত্রী নাজনীন নীহা এবারও ঈদের একগুচ্ছ নাটক নিয়ে হাজির হচ্ছেন। এরই মধ্যে তিনি শেষ করেছেন  ‘মায়াপাখি’ শিরোনামের একটি নাটক। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনার এই নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে দেখা যাবে নীহাকে। এর আগে এই জুটির ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছিল। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে, শিহরিত হবে। নির্মাতার এই কথা কতটুকু সত্যি হয়, তা জানা যাবে ‘মায়াপাখি’ মুক্তির পরেই।

নাটকের গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো, বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে।

গল্প সম্পর্কে নির্মাতা সৌখিন আপাতত এটুকুই ধারণা দিয়েছেন। এর বাইরে আর কিছুই বলতে চাচ্ছেন না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।’

অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।’

নীহা বলেন, ‘মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে আপাতত একটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সোনালি আমি খুবই এক্সাইটেড।’ ‘মায়াপাখি’ ঈদে সিএমভিতে রিলিজ হবে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত