চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে আজ শনিবার রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে সম্মেলন শুরু হবে সকাল ৯টায়।
দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতার। তারা অংশ নেবেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনায়।
আজ সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সম্মেলনের উদ্বোধন করবেন। মুক্ত আলোচনা পর্বে বেলা ১১টায় থাকবে ঢাকার বাইরের চলচ্চিত্র সংসদ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় পর্ব। একই সময়ে মূল মিলনায়তনে চলবে নির্মাতা লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার প্রদর্শনী। বেলা ২টায় মুক্ত আলোচনা পর্বে। বিকেল ৪টায় শুরু হবে পুরস্কার প্রদান ও সমাপনী আয়োজন। চলচ্চিত্র সংসদ আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পর্বে দেওয়া হবে চলচ্চিত্র সংসদ সম্মাননা ২০২৬ ও বিএফএফএস পদক-২০২৫। পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি, তথ্য ও
সংস্কৃতিবিষয়ক) জাহেদ উর রহমান।
