কক্সবাজারের টেকনাফে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদানের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শুক্রবার (১৫ মে) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, শাহ আলম টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং- ৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই শাহ আলম আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এই আসামির গতিবিধি নজরদারি করতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। অবশেষে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
