জামালপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পলাশতলা এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব -১৪ এর জামালপুর সিপিসি-১।
জামালপুর র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জামালপুর ক্যাম্পের সদস্যরা বকশীগঞ্জ পাহাড়ি এলাকার লাউচাপড়া সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়।
এসময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে ৫ হাজার ৭৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮শ টাকা। পাশাপাশি একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
