নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রর ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আমির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
শনিবার (১৬ মে) সকাল ম১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৩ মে উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এই বিস্ফোরণ ঘটে।
নিহত আমির হোসেনের বয়স ২৫ বছর। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঢামেকের চিকিৎসক জানায়, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ শংকর গোমেজ (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। ১৪ মে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বর্তমানে দগ্ধদের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দগ্ধ ১২ জনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ১৩ মে দুপুরে মেঘনাঘাটের একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের চুলা থেকে অসাবধানতাবশত আগুন লাগলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন।
