ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ায় ৪ জন নিহত

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:১৩ পিএম

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন মস্কো অঞ্চলে এবং একজন বেলগোরোদ অঞ্চলে নিহত হন বলে রবিবার (১৭ মে) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এক বছরের মধ্যে মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা বলে দাবি করা হচ্ছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাজধানীর উত্তরে খিমকি শহরে একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে, যাকে উদ্ধারে কাজ চলছে। এছাড়া মিতিশ্চি জেলার পোগোরেলকি গ্রামে দুই পুরুষ নিহত হন। হামলায় একাধিক বহুতল ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মধ্যরাত থেকে রাজধানীমুখী ৮১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এটি গত এক বছরের মধ্যে মস্কোর ওপর সবচেয়ে বড় হামলা।

সোবিয়ানিন আরও জানান, হামলায় ১২ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই মস্কোর একটি তেল শোধনাগারের প্রবেশপথের কাছে ছিলেন। এছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শোধনাগারের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অংশ অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাত থেকে সকাল পর্যন্ত দেশজুড়ে মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে মস্কোর প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভো জানিয়েছে, তাদের এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত