ময়মনসিংহে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ২

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৩৯ পিএম

র‌্যাবের অভিযানে জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোলাইমান কবির (৪৩) ও মো. নজরুল ইসলাম (২৫)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা।

রবিবার (১৭ মে) সকালে র‌্যাব কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে সিএনজিটি আটক করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত