রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:১৪ পিএম

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে অটোরিকশার সাথে ধাক্কায় লেগে মালামাল বোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৩৭) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান জানান, ধোলাইপাড় হামিদা পেট্রোল পাম্পের সামনে দিয়ে কাগজের কার্টন বোঝাই ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মাল বোঝাই ভ্যানটি উল্টে যায়। সেই ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ভ্যান চালক শফিকুল ইসলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শফিকুল ইসলামের বড় ভাই মো. শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামে। বাবার নাম মৃত শহিদুল ইসলাম। বর্তমানে সবুজবাগ বাসাবো খেলার মাঠ এলাকায় থাকেন। সকালে ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন। এরপর দুপুরে মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান তারা। পরে হাসপাতালে এসে শফিকুলের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত