বিদেশে মানসম্মত উচ্চশিক্ষা, আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন এবং শিক্ষাপরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক তথ্য ও পরামর্শ দিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।
শনিবার (১ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এ আয়োজন করে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সফলতা অর্জনকারী এডুকেশন কনসালটেনসি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।
সকালে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, জেনারেল ম্যানেজার ফারহানা নাজরিন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
এবারের এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস ইউনিভার্সিটি (Monash University), ম্যাককুয়েরি ইউনিভার্সিটি (Macquarie University), ইউনিভার্সিটি অব এডিলেইড (The University of Adelaide)-সহ প্রায় ৩০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন।
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন জানান, বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষাব্যবস্থা, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সম্ভাবনার কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় শিক্ষার্থীদের সঠিক তথ্য ও যথাযথ দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এই এক্সপোর আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ এক্সপোতে আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের একাডেমিক যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, স্টুডেন্ট ভিসা আবেদন, টিউশন ফি, স্কলারশিপের সুযোগ, আর্থিক পরিকল্পনা, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ এবং শিক্ষা শেষে সম্ভাব্য ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।
এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা, আবেদনপত্র প্রস্তুত, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা প্রসেসিং এবং অস্ট্রেলিয়ায় বসবাসসংক্রান্ত নানা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পান। এতে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও সংশয় দূর হয় বলে জানান অংশগ্রহণকারীরা।
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের পরিচালক সাজ্জাদুর রহমান জানায়, শুধু একদিনের আয়োজনেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ নয়। এক্সপোর পরও প্রতিষ্ঠানটির অফিস থেকে আগ্রহী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে কাউন্সেলিং, আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা, বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপসংক্রান্ত পরামর্শ এবং ভিসা প্রসেসিংসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
