রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি তার মাথা। তাৎক্ষণিকভাবে তার বয়সও নির্ধারণ করতে পারেনি পুলিশ। আজ রবিবার বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খন্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ৭টি টুকরো করা। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় রয়েছে। পেট থেকে ভুরি বেরিয়ে আছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পরিথিনে ভরে এরপর ওই বাড়িটির বেজেমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।
