ফরিদপুর মা-মেয়ে হত্যা

পরকীয়ার জেরে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:৩০ পিএম

ফরিদপুরের মাধবদিয়া এলাকায় মা ও শিশু কন্যা হত্যাকাণ্ডে জড়িত আসামি মো.উজ্জ্বল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

এর আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বকারটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেপ্তার মো. উজ্জ্বল খান (৩৮) ফরিদপুরের বাসিন্দা, পেশায় শ্রমিক।

সংবাদ সম্মেলনের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঢাকার আমিনবাজার এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারা বেগমের সঙ্গে উজ্জ্বল খানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল খান জাহানারাকে ফরিদপুরে নিয়ে আসেন। ৪ মে রাতে চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি নির্জন ছাপড়া ঘরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল খান প্রথমে জাহানারাকে এলোপাথারিভাবে কিল ঘষি মারতে থাকে। এসময় জাহানারা বেগম নিস্তেজ হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাস্থলে থাকা শিশু সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়। মা এবং শিশুকে হত্যার পর আসামি উজ্জল নিজ বাড়ি থেকে কোদাল এনে ছাপড়া ঘরের পাশে গর্ত খুঁড়ে মা ও মেয়ের মরদেহ মাটি চাপা দেয়। এঘটনার পর নিহতের স্বজন মো. লালন মোল্লা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ডিআইও-১ ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত