ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:১১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নামে এক মোটরসাইকেল আরোহী সাজিত হাসান (৩৫) এবং শ্যামপুরের ধোলাইপাড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে চালক শফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

গতকাল রবিবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টার মধ্যে শনিরআখড়া এবং ধোলাইপাড় জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাজিত হাসান ফার্মগেটে আল মদিনা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুরে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় থাকতেন তিনি।

সাজিত হাসানের বাবা সুলাইমান জানান, সাজিত মোটরসাইকেলে শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিল। এই সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাজিত গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিকশাচালক শফিকুল ইসলামকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজান শেখ জানান, দুপুরে শফিকুল ইসলাম তার ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে রিকশা ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানে ধাক্কা দিলে উল্টে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ভাই শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরে সে ভাড়া ভ্যানে বাসাবো এলাকা থেকে মালামাল নিয়ে যাচ্ছিল। দুপুরে খবর পাইÑ সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। মৃত শফিকুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সবুজবাগ বাসাবো খেলার মাঠের পাশে ভাড়া বাসায় থাকত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত