সারা দেশে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি পথশিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্তে একটি জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। স্বরাষ্ট্র সচিব, আইন ও বিচার সচিব, সমাজকল্যাণ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
মানবাধিকার সংস্থা ‘ইকুইটাস ফাউন্ডেশন’র পক্ষে এ আবেদনটি করা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আরও ছিলেন আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিশাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহীন শাহনেওয়াজ ও এস এম জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান। ব্যারিস্টার তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘নানা কারণে পথশিশু বাড়ছে। কিন্তু তাদের বিষয়ে রাষ্ট্রের উদ্যোগ চোখে পড়ার মতো নয়। তারা মূলধারায় ফিরে আসছে না। জড়িয়ে পড়ছে ভয়ংকর অপরাধে। এ বিষয়ে একটি আইন হলে ভালো হতো। হাইকোর্ট আমাদের যুক্তি শুনে রুল দিয়েছে।’
