ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ঋত্বিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
