ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি পরিকল্পনা করেছিল বলে দাবি করা হয়েছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের বর্তমান নেতৃত্ব বদলের উদ্দেশ্যে ইসরায়েল একটি উচ্চাভিলাষী পরিকল্পনা তৈরি করেছিল। এতে আরও দাবি করা হয়, ওই প্রক্রিয়ায় আহমাদিনেজাদ নিজেও কিছু পরামর্শ দিয়েছিলেন, তবে পরিস্থিতি পরে পরিকল্পনাকারীদের বিপরীত দিকে মোড় নেয়।
সূত্রের বরাতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইসরায়েল আহমাদিনেজাদের বাসভবনে হামলা চালায়। ওই হামলায় তিনি আহত হন বলে দাবি করা হয় এবং তাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এ অভিযান চালানো হয়েছিল।
পরবর্তীতে এই ঘটনার পর আহমাদিনেজাদ ওই পরিকল্পিত শাসন পরিবর্তনের ধারণা থেকে সরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
