পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২০ মে ২০২৬, ১২:৫২ পিএম

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২০ মে) সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে এই গৌরবময় জয় সুনিশ্চিত করে টাইগাররা। এর আগে, মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট দল।

এই অবিস্মরণীয় জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধরনের রদবদল ঘটেছে। ভারতকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট, যেখানে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। ঐতিহাসিক এই গৌরব অর্জনের জন্য তিনি ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত