আগামী দিনের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতা হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আজ বুধবার (২০ মে) ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ের ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকার দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে।’
নতুন কারিকুলামের ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, শিশুদের বয়স হচ্ছে আনন্দের মাধ্যমে শেখার। তাদের ওপর অতিরিক্ত মানসিক চাপ বা বড় বড় বই চাপিয়ে দেওয়ার সময় এখন নয়। নতুন কারিকুলাম এমনভাবে সাজানো হবে যাতে শিশুরা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, এই নতুন শিক্ষাক্রমে শিশুদের শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং বাস্তবজীবনভিত্তিক দক্ষতা শেখানো হবে। শিক্ষার্থীরা কীভাবে ভালো নাগরিক হবে, কীভাবে নিজের স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখবে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করবে—সেসব বিষয় বাস্তব জীবনে চর্চা করতে শিখবে।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, আজ আমি শুধু গার্ল গাইডসদের মাঝে নেই, আমি আগামী বাংলাদেশের নেতাদের মাঝে আছি। আপনারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন।
তিনি আশা প্রকাশ করেন যে, দেশে এমন একটি প্রজন্ম গড়ে উঠবে যা শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত মোট ৫৭ জন হলদে পাখি সদস্যকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ ধরনের অর্জন দেশের অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গার্ল গাইডসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
