ঈদের আগে বাড়ছে রেমিট্যান্সপ্রবাহ

১৯ দিনেই এলো প্রায় আড়াই বিলিয়ন ডলার

আপডেট : ২১ মে ২০২৬, ০২:২৮ এএম

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে পরিবারের বাড়তি খরচ, কোরবানির প্রস্তুতি এবং সঞ্চয়ের উদ্দেশ্যে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, মে মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬৯ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে বলেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারঘোষিত প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং হুন্ডি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশিদের একটি বড় অংশ ঈদ উপলক্ষে বাড়তি অর্থ পাঠাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত