প্রতি মাসে তথ্য নেবে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের তথ্য-উপাত্ত সংগ্রহে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ত্রৈমাসিকের পরিবর্তে প্রতি মাসে এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ঋণ পরিশোধ সক্ষমতা মূল্যায়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সংশ্লিষ্ট বিভাগ।  বাংলাদেশ ব্যাংক জানায়, এতদিন ২০১৪ ও ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের তথ্য সংশ্লিষ্ট র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেটে (আরআইটি) পূরণ করে ই-রিটার্নস পোর্টালে জমা দিত। পাশাপাশি ইডি-১ ও ইডি-২ ফরমের হার্ডকপি এবং ঋণচুক্তির দলিলও প্রতি ত্রৈমাসিক শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, জুলাই ২০২৬ থেকে এসব তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে হবে। প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে পাঁচটি নির্ধারিত জওঞ ফরম পূরণ করে বাংলাদেশ ব্যাংকের ই-রিটার্নস পোর্টালে আপলোড করতে হবে। একই সঙ্গে ইডি-১ ও ইডি-২ ফরমের হার্ডকপি এবং ঋণচুক্তি-সংক্রান্ত দলিলও প্রতি মাসের তথ্যের জন্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন, কার্যকর অর্থনৈতিক নীতি প্রণয়ন, ব্যালেন্স অব পেমেন্টস (বিওপি) ও আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান (এলএলপি) সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত এবং দেশের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ে পূর্বে জারিকৃত নির্দেশনাগুলোর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত