বিদায়ী অর্থবছরে (২০২৫-২৬) দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭ দশমিক ৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। এর আওতায় মোট ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার ব্যয় বাস্তবায়ন হয়। যা শতাংশ হিসাবে ৬৭ দশমিক ৫২ শতাংশ। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ১৮৯ কোটি ৮৩ লাখ টাকা বা ৬৮ দশমিক ১৮ শতাংশ। ফলে টানা দুই অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৭০ শতাংশের নিচে অবস্থান করছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের আগে কখনোই এডিপি বাস্তবায়নের হার এত নিচে নামেনি। আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এডিপি বাস্তবায়নের তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্য অনুযায়ী, এর আগে সর্বনিম্ন বাস্তবায়ন ৬৮.১৮ শতাংশ হয়েছিল ২০২৪-২৫ অর্থবছরে। তার আগে কোনো অর্থবছরেই এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের নিচে নামেনি। অধিকাংশ অর্থবছরেই এ হার ছিল ৯০ শতাংশ বা তারও বেশি। সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে। ওই বছর বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ০২ শতাংশ, ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থবছরে ৯৩ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৯২ দশমিক ৭২ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং ২০০৪-০৫ ও ২০১০-১১ অর্থবছরে ৯২ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।
অন্যদিকে, ২০০৫-০৬, ২০০৯-১০, ২০১২-১৩ ও ২০১৪-১৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯১ শতাংশ। ২০০৬-০৭ অর্থবছরে ৮৩ শতাংশ, ২০০৭-০৮ অর্থবছরে ৮২ শতাংশ, ২০০৮-০৯ অর্থবছরে ৮৬ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ৮৯ দশমিক ৮৯ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ৮২ দশমিক ১১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৯২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলন ও ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনজনিত অস্থিরতা, প্রকল্প পরিচালকদের অনীহা বা সরে দাঁড়ানো এবং চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমে উন্নয়ন কর্মকা-ে ধীরগতি দেখা দিয়েছে। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ব্যাপকভাবে কমেছে।
