সংবাদ সম্মেলনে জনতার দল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে নিজস্ব অর্থায়নে

আপডেট : ২১ মে ২০২৬, ০৩:১০ এএম

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘জনতার দল’। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা। একইসঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও হামের প্রাদুর্ভাব রোধে সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তিস্তা নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ, জীবিকা ও অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে লাখ লাখ একর জমি অনাবাদী হয়ে পড়ছে এবং সেচ সংকট তীব্র আকার ধারণ করছে। তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে তৃতীয় পক্ষের উপস্থিতি অত্যন্ত জরুরি।

বক্তারা বলেন, কৃষকরা বর্তমানে আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদন করে লোকসানের মুখে পড়ছেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সরকারি ক্রয়কেন্দ্রের অপর্যাপ্ততা ও বাজার মনিটরিংয়ের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। টিকাদান কর্মসূচির দুর্বলতা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা ও সচেতনতার অভাবে শিশুরা ঝুঁকিতে রয়েছে। সরকারের কাছে জাতীয় পর্যায়ে জরুরি টিকাদান অভিযান, হাম আক্রান্ত এলাকায় চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, দলের নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত