বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আঙ্গুরী খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে যমুনা নদীর ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যমুনা নদীর একটি চর থেকে ১০ জন কৃষক ও শ্রমিক নিয়ে নৌকাটি বানিয়াজান ঘাটের দিকে আসছিল। পথিমধ্যে নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। ঘটনার পর বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকায় স্থানীয় লোকজন দ্রুত তৎপরতা চালিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আঙ্গুরী খাতুন নামের ওই গৃহবধূ নিখোঁজ হন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ