দেশের প্রয়োজনে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরছে বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০২৪ সালের সংকটকালীন সময়ে সেনাবাহিনী দেশের স্বার্থে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছেন।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
সেনাবাহিনী সূত্র জানায়, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
হোম গ্রাউন্ডকে টেস্টের ‘দুর্গ’ বানানোর বড় লক্ষ্য তামিম ইকবালের