পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে বৈধ পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ‘পবিত্র ঈদুল আজহা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর দিয়ে দুদেশের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।’ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পত্রের মাধ্যমে বিষয়টি ভারতীয় আমদানি-রপ্তানিকারকসহ বন্দরসংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান। পত্রে আগামী ১ জুন থেকে পুনরায় হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম চালুর কথা জানানো হয়। এদিকে নির্ধারিত সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অফিসিয়াল কার্যক্রম চালু থাকার কথা উল্লেখ করে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধের মাধ্যমে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত আরিফুল ইসলাম জানান, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে।’
