আবুল খায়েরের পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ওসি

আপডেট : ২৪ মে ২০২৬, ১০:৪৩ এএম

মুরাদনগরে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের। শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর এবার সেই মানসিক প্রতিবন্ধী আবুল খায়েরের পাশে দাঁড়িয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

শনিবার (২৩ মে) সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে মুরাদনগর থানার ওসির। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেন তিনি।

এসময় আবুল খায়েরের চাচাতো ভাই ও সিএনজি চালক আব্দুর রহমানের সঙ্গে কথা বলে তার চিকিৎসা, পারিবারিক অবস্থা ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন ওসি। পাশাপাশি আবুল খায়েরের চিকিৎসাসহ যেকোনো মানবিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

স্থানীয়রা জানান, শনিবার রাত প্রায় ১১টায় মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদকে সঙ্গে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে যান ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। সেখানে গিয়ে দীর্ঘদিন শিকলবন্দী অবস্থায় থাকা আবুল খায়েরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও কার্যকর কোনো সহায়তা পাননি আবুল খায়ের। সংবাদ প্রকাশের পর পুলিশের এমন মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আবুল খায়েরের খোঁজখবর নিতে এসেছি। তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত